
গ্রামীণ জনগোষ্ঠীর স্থানীয় সমস্যা গ্রামেই সমাধানের লক্ষ্যে শক্তিশালী ও কার্যকর গ্রাম সরকার পদ্ধতি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গ্রাম সরকার আইন পুনঃপ্রবর্তনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি চালুর কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি কার্যকর হলে গ্রামের ছোটখাটো সমস্যা স্থানীয় পর্যায়েই সমাধান করা সম্ভব হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এ পদ্ধতি পুনঃপ্রবর্তন করেন। তবে আওয়ামী লীগ সরকারের আমলে আইনটি বাতিল করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও গ্রাম সরকার আইন পুনঃপ্রবর্তনের নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীনে পাঁচটি শক্তিশালী প্রতিষ্ঠান রয়েছে। ধাপে ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথম ধাপে সম্ভবত ২১ জানুয়ারি এবং পরবর্তী ধাপে ৪ অথবা ৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি। এসব নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচনের নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সংগঠন নিয়ে কথা বলা বা সংবাদ প্রকাশ করাও উচিত নয়। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় এবং তা বাস্তবায়নের বিষয়েও বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় আটজন প্রয়াত সাংবাদিককে মরণোত্তর সম্মাননা এবং ছয়জন সাংবাদিককে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান মোহন আকন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেরুল সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগমসহ আমন্ত্রিত অতিথিরা।
মন্তব্য করুন