
সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কুড়িগ্রামে বিশিষ্টজনদের নিয়ে দায়িত্বশীল ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর কুড়িগ্রাম মডেল মসজিদ হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দারসুল কোরআন অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ ও মানবতার মুক্তির জন্য কাজ করে। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি দুর্নীতিকে দেশের সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দুর্নীতি বন্ধে সৎ ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আজিজুর রহমান সরকার বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে হবে। সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় দাওয়াতী কাজের পরিধি আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েল এবং কুড়িগ্রাম জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেন।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন উপজেলা থেকে আগত দাওয়াতী অতিথি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন সদস্যদের যোগদান
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুই নবমুসলিম ব্যক্তি ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন বলে আয়োজকরা জানান।
এ ছাড়া প্রধান অতিথি ও জেলা আমিরের উপস্থিতিতে আরও কয়েকজন নতুন সদস্য ফরম পূরণের মাধ্যমে দলটিতে যোগদান করেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি হয়।
মন্তব্য করুন