
নওগাঁর মান্দা উপজেলার ২৩ নম্বর নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমেন্দ্রনাথ হাজেরার বিরুদ্ধে শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগের প্রতিবাদে সোমবার (১৫/৬/২৬) সকালে অভিভাবকরা বিদ্যালয়ের অফিস কক্ষ ঘেরাও করলে তিনি বিষয়টি টের পেয়ে সেখান থেকে সরে যান বলে দাবি করেছেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে শিশু শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অশোভন আচরণ করে আসছিলেন। শিক্ষার্থীদের অফিস কক্ষে ডেকে নিয়ে আপত্তিকর আচরণ করা হতো এবং বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখানো হতো বলেও দাবি তাদের।
তাদের আরও অভিযোগ, দায়িত্ব পালনের আড়ালে তিনি ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দিতেন, অপ্রাসঙ্গিক মন্তব্য করতেন এবং সুযোগ পেলে জড়িয়ে ধরতেন। বিদ্যালয়ের বাইরে প্রাইভেট পড়তে আসা শিক্ষার্থীরাও একই ধরনের আচরণের শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিভাবক, স্থানীয় সচেতন মহল, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক সোমেন্দ্রনাথ হাজেরার বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন