
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল হোসেন (ব্যবসায়ী) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নাটোর-নওগাঁ বাইপাস সড়কের পাশে নিজের অটোরিকশা গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন সান্তাহার পৌর শহরের ঢাকাপট্টি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেনের নাটোর-নওগাঁ বাইপাস সড়কের পাশে একটি অটোরিকশা গ্যারেজ রয়েছে। শুক্রবার বিকেলে গ্যারেজের বৈদ্যুতিক বোর্ড থেকে সংযোগ বিচ্ছিন্ন করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বেলাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার বাদ এশা সান্তাহারের খাড়িরব্রীজ বকশরস্থানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন