
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে শেখ মুজিবুর রহমান হলে আধুনিক কম্পিউটারভিত্তিক ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ করে তোলা এবং কর্মজীবনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। কেন্দ্রটিতে শিক্ষার্থীরা একাডেমিক বিভিন্ন কাজ, অ্যাসাইনমেন্ট প্রস্তুত ও গবেষণার কাজে প্রযুক্তিগত সুবিধা নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান।
এ সময় শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক কাজী মাঈনুদ্দীন মাহমুদ, হল সংসদের ভিপি মুসলিমুর রহমান, জিএস আহমেদ আল সাবাহ এবং এজিএস মুশফিকুর রহমান তাজওয়ারসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলামের তত্ত্বাবধানে এবং শেখ মুজিবুর রহমান হল সংসদের সহযোগিতায় কেন্দ্রটি বাস্তবায়ন করা হয়েছে।
মাজহারুল ইসলাম বলেন, নতুন এ সুবিধা শিক্ষার্থীদের বহুমুখী কাজে সহায়ক হবে। পড়াশোনা ও গবেষণার পাশাপাশি এখানে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কোর্স এবং প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, কেন্দ্রটিকে ই-লাইব্রেরি হিসেবেও ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। ফলে শিক্ষার্থীরা বিভিন্ন ডিজিটাল রিসোর্স ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সহজে ব্যবহার করতে পারবেন।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণে ভবিষ্যতে অন্যান্য আবাসিক হলগুলোতেও এ ধরনের কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
শেখ মুজিবুর রহমান হলে এ কেন্দ্র চালুর মধ্য দিয়ে সেই কার্যক্রমের সূচনা হলো বলে জানান সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, এই উদ্যোগ শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন, শিক্ষা কার্যক্রম সহজীকরণ এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন