
শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সম্মান ও কর্মপরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে বান্দরবানের লামায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬।
এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল—“শিক্ষকদের পাশে থাকুন: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়ণে ৬০ বছর”। এ উপলক্ষে রোববার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে আয়োজিত র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে লামা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন, নুরারিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ ছরোয়ার, সরকারি মাতামুহুরী কলেজের প্রভাষক সামসুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী ইব্রাহীম, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু তৈয়ব এবং লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. ইমতিয়াজ বক্তব্য দেন।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়াই শিক্ষকদের দায়িত্ব নয়; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং শিক্ষাবান্ধব কর্মপরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দিতে হবে।
বক্তারা মনে করেন, শিক্ষকদের যথাযথ সুযোগ-সুবিধা ও সম্মান নিশ্চিত করা গেলে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আরও গতিশীল হবে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজের কল্যাণে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে লামা উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন