
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি এ দায়িত্ব নেন।
এর আগে মো. সাহাবুদ্দিন গুরুতর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে স্পিকারের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রে তিনি জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এছাড়া সম্প্রতি তার শরীরে অটোনমিক নিউরোপ্যাথি (Autonomic Neuropathy) রোগ শনাক্ত হয়েছে, যার কারণে মাঝে মাঝে তিনি সাময়িকভাবে অচেতন হয়ে পড়েন। এসব শারীরিক সমস্যার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্বাক্ষরিত পত্রের মাধ্যমে স্পিকারের কাছে পদত্যাগ করতে পারেন। একই সঙ্গে ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এদিকে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। আর ৪৮(১) অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদের সদস্যদের ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
শুক্রবার দুপুরে বিদেশ সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছিলেন, তখনও তিনি রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানতেন না। তবে তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দেবেন এবং সে ক্ষেত্রে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
গত কয়েক দিন ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল। বিভিন্ন মহলে এ বিষয়ে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের মেয়াদে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে পরিবর্তন এলো।
মন্তব্য করুন