
রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তি ও জনস্বার্থে রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রামের নাগরিক সমাজ।
রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে পার্বত্য অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধান, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানববন্ধনে বক্তারা দাবি জানান, বর্তমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এমপিকে অন্যত্র দায়িত্ব দিয়ে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহারপূর্বক তাঁকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হোক।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে পার্বত্য চট্টগ্রামের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের নাগরিক সমাজের সভাপতি সিরাজুল ইসলাম, অভিজিৎ বড়ুয়া, মুক্তা বড়ুয়া, শিশির চাকমা, প্রকৃতি রঞ্জন চাকমা, ইন্টুমনি চাকমা, অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, পারুল, সাবের হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, “পার্বত্য চট্টগ্রামের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তাঁকে পুনর্বহাল করা এখন পার্বত্যবাসীর প্রাণের দাবি।” মানববন্ধন থেকে এ বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন