
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কর্তৃক বারবার ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিসিপি)।
রোববার (২১ জুন) সকাল ১০টা ৪০ মিনিটে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনের মাধ্যমে সংগঠনের সভাপতি মো. তাজুল ইসলাম তাজের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে পিসিসিপি নেতারা অভিযোগ করেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বারবার ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করে অসাংবিধানিক ও দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থান তৈরি করছেন। এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক রিমন, সদস্য আশরাফুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মো. অন্তরসহ সংগঠনের ৮-১০ জন নেতাকর্মী।
পিসিসিপি নেতারা বলেন, দেশের সংবিধান ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা আপসহীন। এ কারণে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের বিষয়ে তাদের অবস্থান তুলে ধরতে এবং সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন