
গত বছরের নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বরগুনার সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত সাড়ে তিনটায় বরগুনা সদর থানা পুলিশ শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করে। সোমবার ২২জুন বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপন ১নং বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ১নং বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার উপ-পরিদর্শক মো. আজিজ জানান, বরগুনা সদর থানার বিস্ফোরক আইনের মামলা নং ৫২/২৫, জিআর নং ৫৪২-এ তাকে গ্রেফতার করা হয়েছে। ভিন্ন ভিন্ন তিনটি নাশকতার ঘটনার অভিযোগে গত বছর এই মামলা রুজু হয়। এ মামলায় স্বপন সরাসরি এজাহারভুক্ত আসামি না হলেও অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে স্বপনের স্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পরেও তার স্বামী শহরের নিজ বাসায় অবস্থান করছিলেন। তিনি কখনো কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। তিনি আরও বলেন, “আমার শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী গুরুতর অসুস্থ। তিনি চোখে দেখতে পান না, কথাও বলতে পারেন না। আমি চাকরি করি। আমার স্বামীই একমাত্র তার বাবাকে দেখাশোনা করতেন। রাত তিনটায় পুলিশ তাকে নিয়ে যায়।”
মন্তব্য করুন