
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
Alliance for Rights Women Organization (ARWO)-এর আয়োজনে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মানসিক চাপের কারণ, এর প্রভাব এবং তা মোকাবিলার বিভিন্ন কার্যকর কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দৈনন্দিন জীবনে মানসিক সুস্থতা বজায় রাখতে মেডিটেশনের উপকারিতা ও অনুশীলনের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষক, ARWO-এর প্রতিষ্ঠাতা এবং সংগঠনটির ফুলবাড়ী উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কুড়িগ্রাম জেলার সব উপজেলায় কলেজ ও মাঠপর্যায়ে স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, মানসিক চাপের সময় নিজেকে শান্ত রাখা এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিষয়ে তারা নতুন কিছু বিষয় জানতে পেরেছেন। এ ধরনের আয়োজন তাদের জন্য সহায়ক হয়েছে বলেও জানান তারা।
কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের কার্যক্রম আয়োজনের বিষয়ে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, আয়োজনটিতে সার্বিক সহযোগিতা করে কুড়িগ্রামের উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতায় প্রথম পাঁচ স্থান অর্জনকারী শিক্ষার্থীর জন্য বিনামূল্যে নার্সিং শিক্ষা, নার্সিং কোচিং এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংয়ের বিশেষ সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
মন্তব্য করুন