
রাজধানীর পল্লবী থানার সেকশন-১১ এলাকায় মেট্রোরেলের পিলার নম্বর-২২৩ এর পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
প্রাথমিকভাবে মৃত ব্যক্তির নাম নাজমুল (৩১) বলে জানা গেলেও তার বাবার নাম-পরিচয় ও স্থায়ী ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং দীর্ঘদিন ধরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অবস্থান করতেন।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন