
নওগাঁর মহাদেবপুর শহরে একের পর এক সৌন্দর্যায়ন প্রকল্প বাস্তবায়ন হলেও পরিচ্ছন্নতার অভাবে সেই সৌন্দর্য আজ অনেকটাই ম্লান হয়ে পড়েছে। শহরের প্রাণকেন্দ্র মাছ চত্বরসহ বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা ও অপরিষ্কার পরিবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ ও হতাশা।
স্থানীয়দের অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। এমনকি ঈদের সময়েও অনেক এলাকায় ময়লার স্তূপ দেখা গেছে। মাছ চত্বরের আশপাশ যেন অঘোষিত ডাস্টবিনে পরিণত হয়েছে। এতে একদিকে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
অথচ গত কয়েক বছরে মহাদেবপুর শহরে নানা উন্নয়নমূলক কাজ হয়েছে। উপজেলা প্রবেশমুখে দৃষ্টিনন্দন সাজসজ্জা, আমচত্বর সৌন্দর্যায়ন, গরুর গাড়ির প্রতিকৃতি, মুক্তিযুদ্ধভিত্তিক আর্ট এবং মহাদেবপুর শিশু পার্ক শহরের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। প্রতিদিন শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ সেখানে সময় কাটাতে যান।
কিন্তু শহরের বিভিন্ন সড়ক, ড্রেন ও জনসমাগমস্থলের অপরিচ্ছন্ন অবস্থা সেই সৌন্দর্যের সঙ্গে একেবারেই বেমানান বলে মনে করছেন সচেতন নাগরিকরা। তাদের মতে, শুধু সৌন্দর্যায়ন নয়, একটি শহরকে সত্যিকারের বাসযোগ্য করতে হলে নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি।
স্থানীয় সচেতন মহল বলছে, মহাদেবপুর আম, ধান ও অটো বয়লারের জন্য পরিচিত। এখন সময় এসেছে পরিচ্ছন্ন শহর হিসেবেও নিজেদের পরিচিত করে তোলার। শহরের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন, নিয়মিত ময়লা অপসারণ এবং বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হলে পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হবে।
প্রতিবেদক মোঃ হারুন অর রশিদ বলেন, “আমাদের প্রাণের শহর মহাদেবপুরকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে দেখতে চাই। সুন্দর পরিবেশ নিশ্চিত হলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগবালাই থেকেও মানুষ সুরক্ষা পাবে।”
নাগরিকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে মহাদেবপুর একদিন পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন শহর হিসেবে সবার কাছে উদাহরণ হয়ে উঠবে।
মন্তব্য করুন