
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. কবির (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটের দিকে বেগমগঞ্জ থানাধীন একলাশপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে একলাশপুর বাজারে অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একলাশপুর ইউনিয়নের মধ্যম একলাশপুর এলাকায় জনৈক বাবুলের দোকানের পেছনের খালি জায়গায় অভিযান চালানো হয়।
অভিযানকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. কবিরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার কবির বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের নুরু মিয়া ব্যাপারী বাড়ির বাসিন্দা। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন