
ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংগ্রহ, সংরক্ষণ এবং লবণের সঠিক ব্যবহার পদ্ধতি নিশ্চিতকরণের লক্ষ্যে নওগাঁর ১১টি উপজেলায় ৩৫০ জন আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৪ মে) জেলা কমান্ড্যান্ট, আনসার-ভিডিপি নওগাঁ মহোদয়ের দিক নির্দেশনায় বিভিন্ন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ-২০২৬ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ব-স্ব উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণে তারা বলেন, দেশের অর্থনৈতিক সম্পদ হিসেবে পশুর চামড়ার গুরুত্ব অপরিসীম। চামড়া ছাড়ানো এবং প্রাথমিক সংরক্ষণে অসচেতনতার কারণে প্রতিবছর প্রচুর চামড়া নষ্ট হয়। বাংলাদেশ আনসার ও ভিডিপির “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” —এই মূলমন্ত্রকে ধারণ করে আসন্ন ঈদুল আযহায় মাঠ পর্যায়ে চামড়া সম্পদ রক্ষায় সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
কর্মশালায় আনসার ও ভিডিপির স্থানীয় সদস্য ও দলনেতাদের পশুর চামড়া ছাড়ানোর বৈজ্ঞানিক পদ্ধতি, লবণ দিয়ে তা সাময়িক সংরক্ষণ করা এবং সঠিক উপায়ে বাজারে প্রেরণের বিভিন্ন কলাকৌশল বাস্তবসম্মতভাবে শিখিয়ে দেওয়া হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে ইউনিয়ন ভিডিপি দলনেতা/দলনেত্রী, উপজেলা/ইউনিয়ন আনসার কমান্ডারবৃন্দ, ভিডিপি সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন