
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে। মানুষ কষ্ট পাচ্ছে। বগুড়ার ধুনটে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদ্রাসা মাঠে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের কষ্ট ও দুর্ভোগের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হলেও সরকার তাদের কথা বলতে দিচ্ছে না। তাই জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে।
এর আগে সকালে মানিকপোটল গ্রামে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াতের আমির। তিনি কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করেন এবং শহীদ আব্দুল মালেকের জন্য দোয়া করেন।
কবর জিয়ারত শেষে স্থানীয় মাদ্রাসায় শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মাদ্রাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। মানিকপোটল গ্রামে পৌঁছালে উপজেলা জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরের নেতাকর্মী ও স্থানীয়রা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা।
জানা যায়, শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করেন ডা. শফিকুর রহমান। শনিবার সকাল সোয়া ৫টার দিকে তিনি ধুনটের উদ্দেশে রওনা হন।
ধুনটের কর্মসূচি শেষে বগুড়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং দুপুরে বগুড়া জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
মন্তব্য করুন