
আর্থিক অসচ্ছলতার কারণে নিম্নআয়ের মানুষের একটি বড় অংশ সময়মতো চক্ষু চিকিৎসা নিতে পারেন না। অর্থনৈতিক সীমাবদ্ধতায় অনেকেই ছানি ও দৃষ্টিশক্তিজনিত নানা সমস্যায় ভুগলেও প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকেন। এমন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
তার উদ্যোগে বগুড়ায় আয়োজিত একদিনের বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৫ হাজার নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ক্যাম্পে রোগীদের চক্ষু পরীক্ষা, চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিতরণ করা হয়। ছানি রোগীদের মধ্যে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বগুড়া পৌর হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ ও শিশুরা চিকিৎসাসেবা নিতে ভিড় করেন।
জানা গেছে, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এবং আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে এ বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ছানি ও দৃষ্টিশক্তিজনিত সমস্যায় আক্রান্ত প্রায় ৫০০ রোগীকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। তাদের বিনামূল্যে লেন্সসহ ছানি অপারেশনের জন্য বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।
চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্প পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ সেক্টর) আহমেদ তাহের হামিদ আলী।
এ সময় রোগীদের প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি চশমা বিতরণ করা হয়। ক্যাম্পের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন সংশ্লিষ্টরা।
উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, প্রবীণ নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশন বগুড়ার ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. আফসারুল হাবিব রোজ, আমিনুল হক দেওয়ান সজল, ডা. ইউনুস আলী, আলনুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সাঈদ, আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ফ্রি ক্যাম্পিং ম্যানেজার মো. ওবায়দুজ্জামান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন এবং গাবতলী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান মজনু।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তাদের লক্ষ্য, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যেন কোনো মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন।
মন্তব্য করুন