
কুষ্টিয়ার গড়াই নদীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা-২০২৬। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমারখালী উপজেলার ১ নম্বর কয়া ইউনিয়নের উদ্যোগে ঘোড়াই ঘাট বড় বাজার সংলগ্ন এলাকায় এ প্রতিযোগিতা শুরু হয়।
নৌকাবাইচকে কেন্দ্র করে সকাল থেকেই গড়াই নদীর দুই তীরে ভিড় করতে থাকেন দর্শনার্থীরা। প্রতিযোগী নৌকাগুলো নদীর বুকে ছুটে চলার সময় বৈঠার ছন্দ ও মাঝিদের সমন্বিত প্রচেষ্টায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। কুষ্টিয়ার বিভিন্ন এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে দর্শক ও প্রতিযোগীরা এ আয়োজনে অংশ নিয়েছেন।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় এখন পর্যন্ত সাতটি নৌকা নিবন্ধন করেছে। কুষ্টিয়ার পাশাপাশি সিরাজগঞ্জ, পাবনা ও সৈয়দপুরসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগী দল অংশ নিয়েছে।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে Yamaha FZ Version-2, দ্বিতীয় পুরস্কার Pulsar 150, তৃতীয় পুরস্কার Hero 100 এবং চতুর্থ পুরস্কার হিসেবে Walton ফ্রিজ দেওয়া হবে। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক নৌকার জন্য ৩২ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেওয়ার ঘোষণা রয়েছে।
আয়োজকদের নির্ধারিত নিয়ম অনুযায়ী, ৫০ হাতের কম দৈর্ঘ্যের কোনো নৌকা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। একই সঙ্গে সিঙ্গেল বডি নৌকার অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে আয়োজক কমিটির সর্বশেষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। উদ্বোধক ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনছার আলী প্রামাণিক ও সাধারণ সম্পাদক মো. লুফকর রহমান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অতিথিদের বক্তব্য শেষে আনুষ্ঠানিকভাবে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এরপর প্রতিযোগী নৌকাগুলো গড়াই নদীতে নিজেদের গতি ও নৈপুণ্য প্রদর্শন শুরু করে। নদীর দুই পাড়ে থাকা দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, গ্রামবাংলার প্রাচীন লোকজ ঐতিহ্য নৌকাবাইচকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
নৌকাবাইচ প্রতিযোগিতা কমিটির পরিচালনায় এ আয়োজনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মুহায়াদ রেজা ফাহিম, পরিচালক, দি চেঞ্জার অব কমার্স।
মন্তব্য করুন