
পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে কুষ্টিয়ায় কঠোর অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে কুষ্টিয়া সদর উপজেলার কীর্তিনগর ও ইমানপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত ‘মেসার্স ফাইভ স্টার ব্রিকস’ নামের একটি ইটভাটার কিলন ও চিমনি এক্সকাভেটর দিয়ে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইটভাটাটির সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে চলতি ইটভাটা মৌসুমে পরিচালিত চতুর্থ অভিযানে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ জাকিউল আলম।
অভিযানে প্রধান প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ এমদাদুল হক। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব। এ সময় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়া পুলিশ বিভাগ, এসআরবি-১২ এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা সক্রিয় সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন