
ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি উম্মে মারুফাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ দায়িত্ব পালনের জন্য তাঁকে অন্য সব পেশা, ব্যবসা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।
উম্মে মারুফা দীর্ঘদিন বিএনপি বিটে সাংবাদিকতা করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে পুনর্গঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতেও তিনি সাংবাদিক প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হন।
এর আগে কলকাতা উপ-হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন তারিকুল ইসলাম ভূঁইয়া। গত ২২ জুলাই তিনি ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন। এরপরই শূন্য হওয়া এ পদে উম্মে মারুফাকে নিয়োগ দেওয়া হলো।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে বাংলাদেশি মিশনে কূটনৈতিক ও গণমাধ্যম-সংশ্লিষ্ট পদে কর্মকর্তাদের পুনর্বিন্যাসের অংশ হিসেবে সরকার একাধিক নতুন নিয়োগ দিয়েছে।
মন্তব্য করুন