
ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করার এক দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের (LSP) একটি সংগঠনের সদস্যরা।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এটি তাদের চলমান অবস্থান কর্মসূচির ২৭তম দিন।
বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে ৬১ জেলায় নিয়োজিত দক্ষ ও প্রশিক্ষিত LSPদের ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবি জানানো হচ্ছে।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের প্রধান সমন্বয়ক এস এম জামান, সাধারণ সম্পাদক শরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি নাসিরুল্লাহ হাসানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তাদের এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে তারা অনড় রয়েছেন।
মন্তব্য করুন