
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) উপজেলা ছাত্রদলের আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন আহ্বায়ক আহসান হাবিব আরমান ও সদস্য সচিব শাহাদত হোসেন।
কর্মসূচির আওতায় খামারকান্দি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, খামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খামারকান্দি বালিকা দাখিল মাদ্রাসা এবং মাগুড়ার তাঁইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, একটি শিশু যদি একটি গাছ রোপণ করে এবং তার পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে ভবিষ্যতে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণকে সামাজিকতার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা আরও বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ চারার যত্ন নেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক বাদশা মিয়া সাগর, সহ-দপ্তর সম্পাদক বুলবুল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব (রাজু) এবং খামারকান্দি ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্তব্য করুন