
কিশোরগঞ্জের হোসেনপুরে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে রুবেল মিয়া (৪৫) নামে এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুন) বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর গ্রামের আব্দুল হামিদের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার রুবেল মিয়া জানান, উপজেলা পৌর প্রশাসনের উদ্যোগে উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর গরুহাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশে গাঁজা সেবনের দায়ে রুবেল মিয়া নামের এক মাদকসেবীকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে শাস্তি দেন।
এ ব্যাপারে কাজী নাহিদ ইভা বলেন, ‘আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা দেওয়া হয়েছে।’
ভ্রাম্যমাণ আদালতকে হোসেনপুর থানা পুলিশ সহযোগীতা করেন।
মন্তব্য করুন