
বগুড়ার ধুনট উপজেলায় প্রবাসীর স্ত্রীর ঘরে এক যুবককে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে শাহাদাৎ হোসেন প্রায় ৯ বছর আগে ভান্ডারবাড়ি এলাকার মোর্শেদা খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে সাত বছরের একটি ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে শাহাদাৎ হোসেন সৌদি আরবে পাড়ি জমান। এরপর থেকে তার স্ত্রী সন্তানসহ শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন।
এদিকে একই গ্রামের ইমান আলীর ছেলে তানভীর রানার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মোর্শেদা খাতুনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়রা জানান।
গত শনিবার রাতে তানভীর রানা মোর্শেদা খাতুনের বাড়িতে গেলে তাকে ঘরের ভেতরে দেখা যায়। রাত প্রায় ১১টার দিকে শাশুড়ি ঘরের ভেতর থেকে কথাবার্তার শব্দ শুনে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানান। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা বাইরে থেকে তালা দিয়ে রাখেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে রানার পরিবারের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, রবিবার সকালে তারা প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে তানভীর রানাকে নিয়ে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত একজন আহত হন।
পরিস্থিতি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন