
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় চলমান পিলাক খাল খনন প্রকল্পের কাজে ব্যবহৃত একটি স্কেভেটারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ চাঁদা না পেয়ে এ ঘটনা ঘটিয়েছে।
গতকাল সকালে উপজেলার হাফছড়ি ইউনিয়নের পতাছড়া বিহার এলাকায় কাজে গিয়ে শ্রমিক ও স্থানীয়রা স্কেভেটারটি আগুনে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, গতকাল গভীর রাতে বা ভোরে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়। প্রকল্প বাস্তবায়ন কমিটির সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধীনে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে পিলাক খাল খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া হয়। তবে কাজ শুরুর পর থেকেই প্রকল্প বাস্তবায়ন কমিটির কাছে চাঁদা দাবি করে আসছিল সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। চাঁদা না দেওয়ায় একাধিকবার কাজ বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না জানান, দুর্বৃত্তদের আগুনে স্কেভেটারের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন