
শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এই ব্রিফিং প্যারেড ও অনলাইনে অ্যাপসের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নজরুল ইসলাম ভূঞা, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমি আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জাহিদুর রহমান, জাকিয়া সুলতানাসহ অন্যান্যরা।
সেখানে জেলা কমান্ড্যান্ট নজরুল ইসলাম বলেন মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ও সজাগ থাকতে হবে।
পূজাতে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। একই সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মান রাখতে হবে।
পরে প্যারেড অনুষ্ঠান শেষে যেকোনো ঘটনার আপডেট দ্রুত জানাতে এবার অনলাইনে একটি অ্যাপসের মাধ্যমে বাহিনীটির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।
১৫ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত জেলায় ৪৭৬ টি দূর্গা মন্ডপে দায়িত্ব পালন করবেন ৩১৭৮ জন নারী ও পুরুষের আনসার ভিডিপি সদস্যরা।
মন্তব্য করুন