
বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করেছে বগুড়া জেলা ছাত্রদল।
রোববার (২৪ মে) সন্ধ্যার পরে সংগঠনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের নেতৃত্বে জেলা, শহর, সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ ও সদর উপজেলা ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। এসময় তারা ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে সদর আসনের এমপি এবং নবনিযুক্ত প্রশাসককে আন্তরিক অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানটি ঘিরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। পরে সংসদ সদস্য ও নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে নেতাকর্মীদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় বগুড়া নগরীর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা এবং জনসম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব পালন সফল ও ফলপ্রসূ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মীরা।
মন্তব্য করুন