
আসন্ন পবিত্র ঈদুল আযাহা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রে কিশোরগঞ্জের হোসেনপুর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মে ) বিকেলে পৌর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও হোসেনপুর উপজেলা পরিষদ প্রশাসক কাজী নাহিদ ইভা।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবির এ ট্রাক সেল কার্যক্রমে ডিলার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলার ৬ টি ইউনিয়নের ও ১ পৌরসভার সরকারী নিয়োগ প্রাপ্ত ডিলারা। উদ্বোধনী দিনে শত শত নিম্নআয়ের মানুষ লাইনে দাঁড়িয়ে ভর্তুকি মূল্যে পণ্য ক্রয় করেন।
টিসিবি নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা,
প্রতি কেজি চিনি ৮০ টাকা ও মসুরের ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে ।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন, “সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং নিম্নআয়ের মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য কিনতে পারে সেজন্য টিসিবির ট্রাক সেল চালু করা হয়েছে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কারসাজি করতে না পারে সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। “ডিলার ব্যতীত টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় দণ্ডনীয় অপরাধ। কেউ এর ব্যত্যয় ঘটালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এসময় তিনি ক্রেতাদের শৃঙ্খলা রক্ষা করে লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহের আহ্বান জানান।
ট্রাক থেকে টিসিবির পণ্য নিতে আসা গৃহিণী আকলিমা আক্তার বলেন, “বাজারে তেল ১৯০ টাকা, চিনি ১১০ টাকা, ডাল ১২০ টাকা। এত দামে কিনে সংসার চালানো কঠিন। টিসিবির ট্রাক আসছে তাই কম দামে কিনতে পারতাছি। সরকারকে ধন্যবাদ।”
রিকশাচালক আব্দুল সিদ্দিক মিয়া বলেন, “ ঈদ উপলক্ষে প্রতি দিন যদি এই গাড়ি আসে তাইলে আমাদের মতো গরিব মানুষের অনেক উপকার হইবো। ইউএনও স্যার নিজে দাঁড়াইয়া থাইকা বিক্রি তদারকি করতাছেন, এটা ভালো লাগছে।”
অফিস সূত্রে জানাযায়, সপ্তাহে ৩ দিন হোসেনপুর পৌরসভার বিভিন্ন পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিক্রি চলবে। একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার ভোজ্যতেল কিনতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা উপ – প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মন, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন