
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের (রিপ্রেজেন্টেটিভ) পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশাল প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সারাদেশে একযোগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া), আটোয়ারী উপজেলা শাখা এই আয়োজন করে।
সোমবার (১১ মে) সকালে আটোয়ারী উপজেলার প্রধান প্রধান সড়কে এক র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। এ সময় বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা তাদের পেশাগত সমস্যা ও নানা বৈষম্যের কথা তুলে ধরে স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা প্রধানত কয়েকটি দাবি তুলে ধরেছেন:
১. কোনো কারণ ছাড়াই হুটহাট ছাঁটাই বন্ধ করতে হবে।
২. রিপ্রেজেন্টেটিভদের শ্রম আইনের আওতায় এনে রাষ্ট্রীয় মর্যাদা ও নিরাপত্তা প্রদান।
৩. টিএ-ডিএ বৃদ্ধি এবং কাজের অতিরিক্ত চাপ কমিয়ে সহনশীল কর্মঘণ্টা নির্ধারণ।
৪. মাঠ পর্যায়ে কাজ করার সময় বিভিন্ন প্রতিকূলতা থেকে সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
মানববন্ধনে বক্তব্য রাখেন আটোয়ারী ফারিয়ার স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশের স্বাস্থ্যসেবাকে সচল রাখছি। অথচ আমাদের না আছে চাকরির নিরাপত্তা, না আছে সামাজিক মর্যাদা। অনেক ক্ষেত্রে আমাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে হয়। আমাদের এই নায্য দাবিগুলো মেনে না নিলে আমরা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ডাক দেবো।”
উক্ত মানববন্ধনে আটোয়ারী উপজেলায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালীন সংহতি জানিয়ে স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন