
রাজধানীর মিরপুর-১২ এলাকার সিরামিক রোডে রাজধানী পরিবহনের একটি পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে পল্লবী থানাধীন মিরপুর-১২-এর সিরামিক রোডে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ঢাকা মেট্রো-ব-১১-৭৬০৪ নম্বরের বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসটির ভেতরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে পল্লবী থানা পুলিশ নিয়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্য করুন