
রাজধানীর মিরপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১০ গোল চত্বরের চারপাশের সড়ক অবরোধ করে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। তাদের দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
প্রত্যক্ষদর্শী ও প্রাপ্ত তথ্যানুযায়ী, কয়েক দফায় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তবে পরিস্থিতির অবনতি হলে বেলা ১১টা ২০ মিনিটের দিকে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের মিরপুর-২ এলাকার দিকে সরিয়ে দেয়। কিছুদূর যাওয়ার পর শ্রমিকরা আবারও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে শ্রমিকরা বিভিন্ন গলিতে আশ্রয় নেন। অন্যদিকে, শেওড়াপাড়া দিক থেকে শ্রমিকদের আরেকটি দল পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করেন। বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এরপর দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে আন্দোলনরত শ্রমিকরা পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশ আবারও কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনার পর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মিরপুর-১০ গোল চত্বর ও মিরপুর-১১ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য করুন