
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুর্গম এলাকার সাতটি অসহায় পাহাড়ি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিবারগুলোর আর্থিক স্বাবলম্বিতা অর্জনের সুযোগ তৈরি করতে তাদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দুর্গম রাম রতন কারবারি পাড়ায় আলমগীর টিলা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। দীঘিনালা জোন কমান্ডারের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন এ উদ্যোগ বাস্তবায়ন করে।
বিতরণ কার্যক্রমে সাতটি পরিবারের প্রত্যেককে দুটি করে মোট ১৪টি ছাগল দেওয়া হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীসহ প্রায় ২৫ জন উপস্থিত ছিলেন।
ছাগল পেয়ে উপকারভোগী পরিবারগুলো সেনাবাহিনী ও দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, গবাদিপশু পালনের মাধ্যমে পরিবারগুলোর বিকল্প আয়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি এ ধরনের সহায়তা দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন