
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে কংচাই মারমা নামে এক ব্যক্তির বসতঘর।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ঘরে রান্না করে কাজে চলে যান বাড়ির মালিক কংচাই মারমা।
এর কিছুক্ষণ পর তাঁর বসতঘরে আগুন লাগে। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘর পুড়ে যাওয়ায় আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কংচাই মারমা। বসতঘরটি পুড়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন