
বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি দপ্তরের কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ পরিদর্শন কর্মসূচিতে সান্তাহার পৌরসভা, আদমদীঘি উপজেলা পরিষদ, সদর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পর্যালোচনা করা হয়।
পরিদর্শনকালে তিনি বৃক্ষরোপণ, খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে চলমান অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বুধবার সকাল ১১টায় সান্তাহার পৌরসভা পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন মাহমুদা পারভীন। এ সময় ঢাকারোড পশ্চিম মেইন রোড থেকে মাদ্রাসা পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ এবং আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন তিনি।
পরে বেলা ১টায় আদমদীঘি উপজেলা পরিষদ পরিদর্শন করেন। এরপর সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে গোড়গ্রাম খোকন হাজির পুকুরপাড় থেকে আকরামের বাড়ি অভিমুখী রাস্তা সিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার এবং সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারি দপ্তরের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণের মধ্য দিয়ে পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হয়।
মন্তব্য করুন