
রাজশাহী মহানগরীতে গুণগত মানসনদ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘তাজা লাইভ বেকারী’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, সাহেববাজার পিএন স্কুল সংলগ্ন তাজা লাইভ বেকারীতে অভিযান পরিচালনার সময় প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রি-বিতরণ করছিল।
এ ছাড়া উৎপাদিত পণ্যের প্যাকেট বা লেবেলে ওজন, মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য উল্লেখ ছিল না।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন