রাজধানীর ভাষানটেক এলাকায় মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। রবিবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম শামিম হোসেন (২৮)। তিনি ভাষানটেক এলাকার ভিআরপি ৩ নম্বরের বাসিন্দা এবং তার পিতার নাম শেখ কামাল।
বাহকের দেওয়া তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ৮টার দিকে ভাষানটেক থানাধীন বস্তি এলাকায় মোবাইল ফোন কেনাবেচা নিয়ে সুজন নামের এক ব্যক্তি এবং তার সঙ্গে থাকা আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি শামিম হোসেনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তারা ধারালো চাকু দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে।
ঘটনার পর শামিমকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তার স্বজনরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করেন। তার ভাবি সাথি আক্তার তাকে রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
বর্তমানে শামিম হোসেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানান, তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে এ ধরনের সহিংস ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারীদের আটক বা এ বিষয়ে আইনগত কোনো পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন