
লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি)দের ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করার এক দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচির ৩২তম দিনে অবস্থান নেন আন্দোলনকারীরা।
বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের ৬১ জেলায় দক্ষ ও প্রশিক্ষিত লাইভস্টক সার্ভিস প্রোভাইডাররা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তাদের ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করাই তাদের একমাত্র দাবি।
আন্দোলনকারীরা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের প্রধান সমন্বয়ক এস এম জামান, সাধারণ সম্পাদক শরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি নাসিরুল্লাহ হাসান।
আন্দোলনকারীরা জানান, তাদের এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
মন্তব্য করুন