
সাতক্ষীরায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২১ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৮জুন রাতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর একটি চৌকস দল জেলার কলারোয়া সীমান্তে এই সফল অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া সীমান্তের কৌশলগত পয়েন্টে ওত পেতে থাকে বিজিবির বিশেষ টহল দল। চোরাকারবারিরা সীমান্ত পার হয়ে মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান থেকে আনুমানিক ২১ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এছাড়া আরো তিনটি সীমান্ত পয়েন্ট থেকে বিজিবি চোরাকারবারিদের কাছ থেকে বিভিন্ন অবৈধ মূল্যবান সামগ্রী জব্দ করেছে। যার মূল্য কয়েক লক্ষাধিক টাকা।
অভিযান শেষে ৩৩ বিজিবির পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হয়। বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সর্বোচ্চ সক্রিয় রয়েছে। বিশেষ করে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার এবং পণ্য চোরাচালান রুখে দিতে জওয়ানরা দিনরাত কঠোর নজরদারি রাখছেন। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তারা বলেন, সীমান্ত সুরক্ষায় এবং দেশের অর্থনৈতিক ক্ষতি রুখতে বিজিবির এই কঠোর অবস্থান সবসময় বজায় থাকবে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালানি চক্রের মূল উৎপাটন করতে ভবিষ্যতেও এই ধরনের ঝটিকা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের এবং জব্দকৃত মালামাল নিয়মানুযায়ী কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন