
সাতক্ষীরার শ্যামনগরে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ভারতীয় নিষিদ্ধ ওষুধ ও বিড়ি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আব্দুল মজিদ শেখ (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার মথুরাপুর এলাকায় র্যাবের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আব্দুল মজিদ শেখ দীর্ঘদিন ধরে আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা থেকে ভারতীয় মাদক ও বিভিন্ন চোরাচালানি পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে মথুরাপুর এলাকায় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন