রাজবাড়ী জেলার সদর থানাধীন নতুন বাজার এলাকা থেকে চুরি মামলার প্রধান এবং মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: উজ্জল খানকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ২০মিনিটের দিকে র্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রাজবাড়ী জেলার সদর থানাধীন নতুন বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি মামলার প্রধান আসামি এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ উজ্জল খানকে (৩৫) গ্রেফতার করা হয়।
আসামি উজ্জল খান রাজবাড়ী জেলার সদর থানা রামকান্তপুর মধ্যপাড়ার বাসিন্দা এবং সে মোঃ আদিল উদ্দিন খানের ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার মামলা নং- ২৩, তারিখ- ১৫/০১/২০২৬ খ্রি., ধারা- ৪৬২/৩৮০ পেনাল কোড ১৮৬০ এর অধীনে দায়েরকৃত চুরি মামলার প্রধান আসামি হিসেবে অভিযোগ রয়েছে। এছাড়াও সে রাজবাড়ী সদর থানার জিআর মামলা নং- ২৭৬/২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী ০১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
উল্লেখ্য, চলতি বছরের গত ১৫ই জানুয়ারি ভোর আনুমানিক ০৪.৪২ ঘটিকার সময় রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকার মোঃ সৌরভ মল্লিক (২২) এর দোকানের তালা ভেঙে নগদ প্রায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা এবং আনুমানিক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার বিভিন্ন মালামাল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে মোঃ উজ্জল খানকে প্রধান আসামি করা হয়।
গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তিতে জানা যায় যে, আসামি উজ্জল খান দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।
মন্তব্য করুন