
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় ১০৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ।
মঙ্গলবার (১০ মার্চ) ভোরে উপজেলার আওলাকান্দি ঘাট সংলগ্ন যমুনা নদীতে মাছটি ধরা পড়ে। এত বড় মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয় এবং মাছটি দেখতে নদীপাড়ে ভিড় জমায় মানুষ।
জানা যায়, মঙ্গলবার ভোরে স্থানীয় জেলে রঞ্জন চৌধুরী বরশি দিয়ে যমুনা নদীতে মাছ ধরতে যান। কিছু সময় পর তার বড়শিতে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। দীর্ঘ চেষ্টার পর মাছটি নদী থেকে তীরে তুলতে সক্ষম হন তিনি।
পরে মাছটির দাম নির্ধারণ করা হয় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। স্থানীয়দের মধ্যে ভাগ করে মাছটি বিক্রি করা হয়। প্রতি ভাগ প্রায় ৭৫০ গ্রাম করে এক হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা রিফাত বলেন, “বাঘাইড় মাছ আগেও দেখেছি, তবে এত বড় মাছ আগে কখনও দেখিনি। কৌতূহলবশত আমিও মাছটির একটি অংশ কিনেছি।”
মাওলানা মাহমুদুল হাসান বলেন, “আমার জীবনে প্রথমবার যমুনা নদীতে এত বড় বাঘাইড় মাছ ধরা পড়তে দেখলাম। খবর শুনে অনেক মানুষ মাছটি দেখতে নদীর পাড়ে ভিড় করেন।”
নদীপাড়ের বাসিন্দা জাহাঙ্গীর জানান, “প্রায় ৪০ বছরের মধ্যে এই এলাকায় যমুনা নদীতে এত বড় মাছ ধরা পড়ার কথা শোনা যায়নি। রঞ্জন চৌধুরীর বড়শিতে মাছটি ধরা পড়েছে। যমুনাপাড়ের মানুষ হিসেবে আমরা খুব আনন্দিত।”
স্থানীয়দের মতে, যমুনা নদীতে বড় আকারের মাছ এখন খুব কমই দেখা যায়। তাই এত বড় বাঘাইড় ধরা পড়ায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য যে, বাঘাইড় মাছ বর্তমানে মহাবিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। আইইউসিএন (IUCN) এই মাছটিকে লাল তালিকায় স্থান দিয়েছে। যমুনার গভীরতা কমে যাওয়া ও প্রজনন ক্ষেত্র নষ্ট হওয়ায় এই প্রজাতির মাছ এখন সচরাচর দেখা যায় না।
মন্তব্য করুন