ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের গোকর্ণ এলাকায় সদর উপজেলা প্রশাসন ও র্যাব-৯-এর যৌথ অভিযানে ১০ হাজার ১০০ লিটার তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, গোকর্ণ এলাকার কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স বা কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন—এমন সংবাদের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তিনটি দোকান থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেন জব্দ করা হয়। অবৈধ মজুতের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টি ও অধিক মূল্যে তেল বিক্রির অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, জব্দকৃত তেলের বিপরীতে ব্যবসায়ীদের কোনো বৈধ কাগজপত্র ছিল না এবং তারা অবৈধভাবে পণ্যটি মজুত করেছিলেন। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন