ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিট থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা ইরানের ওপর সামরিক ও রাজনৈতিক আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করার আহ্বান জানান। তারা বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে এ ধরনের আগ্রাসন বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।
বক্তারা আরও দাবি করেন, মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করে অন্যায় ও দখলদারিত্বের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান নেওয়া জরুরি।
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব, ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন এবং মহাসচিব মাওলানা আব্দুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষায় এ ধরনের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
মন্তব্য করুন