
বান্দরবানে বেড়াতে আসার পথে একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পাহাড়ের ঢালে পড়ে গেলে ১২ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন।
আজ বুধবার (২২ জুলাই) সকালে বান্দরবান–কেরানীহাট সড়কের কসাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ৩৪ জনের একটি পর্যটক দল রিলাক্স পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে করে বান্দরবান ভ্রমণে আসছিল। সকালে বাসটি কসাইপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের পাহাড়ের ঢালে পড়ে যায়। এতে বাসে থাকা ১২ জন পর্যটক আহত হন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের চট্টগ্রামে পাঠানো হয়। অন্য আহতরা সদর হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, “বান্দরবানে বেড়াতে আসা একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। বাসটি উদ্ধারে পুলিশ কাজ করছে।”
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন