
রাজধানীর বাড্ডা এলাকায় দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রের নাম মোহাম্মদ ইয়াকিন তালুকদার (১৬)। তিনি উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী। তার পিতা ইলিয়াস তালুকদার। তাদের স্থায়ী বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার জিরাইল গ্রামে। বর্তমানে তারা ঢাকার উত্তর বাড্ডা আলীর মোড় এলাকায় বসবাস করেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা আলীর মোড় বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় পথচারী হিসেবে ইয়াকিন তালুকদার সংঘর্ষের মধ্যে পড়ে যান।
এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তার পেট, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে খবর পেয়ে তার পিতা ইলিয়াস তালুকদার ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাত প্রায় ১০টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন