
বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছেন।
বুধবার ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা শেরপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে। আহত রাব্বী হাসান তাঁর ছোট ভাই।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা তাঁর ছোট ভাই রাব্বীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক চলন্ত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলচালক সোহেল রানা ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা তাঁর ছোট ভাই রাব্বী হাসান আহত হন।
দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। পরে খবর পেয়ে ধুনট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আহত রাব্বী হাসানকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে বালুবাহী ট্রাক চলাচল করছে। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বেপরোয়া ট্রাক চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল থেকে বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত সোহেল রানার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন