
সাতক্ষীরার তালায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন মৎস্য চাষ উপকরণ বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরের অধীন “ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)”-এর আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (২৪ জুন) সকাল ১০ টায় উপজেলা মৎস্য অফিসারের নিজস্ব কার্যালয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমামের সভাপতিত্বে উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামির সাতক্ষীরা জেলার নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, ডাঃ আপ্তাব উদ্দিন, তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, অর্থ সম্পাদক মোতাহিরুল হক শাহীন এবং নির্বাহী সদস্য কে এম শাহিনুর রহমান। অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তাবৃনথ্দসহ স্থানীয় উপকারভোগী মৎসচাষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নির্বাচিত সুফলভোগী চাষীদের মাঝে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ যেমন পোনা মাছ, মাছের খাদ্য, ফলজ ও সবজি চারা সহ অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রান্তিক ও ইউনিয়ন পর্যায়ের চাষীদের আধুনিক মৎস্য চাষ প্রযুক্তিতে দক্ষ করে তোলা, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং পারিবারিক পুষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যেই সরকারের এই বিশেষ প্রকল্প দেশব্যাপী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তালার সুফলভোগীদের মাঝে এই উপকরণ বিতরণ সম্পন্ন হয়েছে। সরকারি এই সহায়তা ও উপকরণ হাতে পেয়ে স্থানীয় মৎস্যচাষীরা গভীর আনন্দ প্রকাশ করেন। একই সাথে তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে নিজেদের ভাগ্য বদল ও দেশের আমিষের চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মন্তব্য করুন