
ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিতরণের দায়ে তিন দোকানিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় প্রায় সাড়ে ৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া রোডের পুরাতন বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজাতুল কুবরা ফারিহা। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিতরণের অপরাধে তিনটি দোকানিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সময় আনুমানিক ৫ দশমিক ৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্ট পরিচালনায় ঠাকুরগাঁও জেলার আনসার সদস্যরা সহযোগিতা করেন।
এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে স্থানীয়দের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন