
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জুন) বিকেলে উপজেলার কোষাবন্দর এলাকায় অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইসফাকুল কবীর এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ভেলাতৈড় গ্রামের আব্দুর রহিমের ছেলে ট্রাক্টর চালক আবুল কালাম এবং কাঁঠালবাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে তার সহকারী (হেলপার) রাজু ইসলাম।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, কোষাবন্দর এলাকায় টাঙ্গন নদী থেকে অবৈধভাবে একটি ট্রাক্টর-ট্রলিতে বালু তোলার সময় চালক ও তার সহকারীকে হাতেনাতে আটক করেন সহকারী কমিশনার (ভূমি)।
এ সময় বালুভর্তি ট্রলিটি জব্দ করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে আটক দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অবৈধভাবে বালু উত্তোলন করে আইন লঙ্ঘন করায় দুইজনকে জেল দেওয়া হয়েছে এবং ট্রলিটি জব্দ করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন