
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সমতলের চা বাগান ও ঐতিহ্যবাহী সূর্যপূরী আমগাছ পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী নিটলডোবা গ্রামের ‘সুলতান টি স্টেট’ ও ঐতিহ্যবাহী সূর্যপূরী আমগাছ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এর আগে তিনি কখনো সমতলে চা বাগান দেখেননি। ঠাকুরগাঁওয়ে এসে প্রথমবারের মতো সমতলে চা চাষ দেখে তিনি আনন্দিত হয়েছেন। একইসঙ্গে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সূর্যপূরী আমগাছ দেখেও তিনি মুগ্ধতা প্রকাশ করেন।
তিনি বলেন, “আমরা বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চাই। এখানকার মানুষ খুবই পরিশ্রমী। তাদের সহযোগিতা করলে তারা দ্রুত উন্নতি করবেন। আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকব।”
পরিদর্শনের সময় রাষ্ট্রদূত চা বাগানের শ্রমিক ও সূর্যপূরী আমগাছের পরিচর্যার কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সুলতান টি স্টেটের মালিক ফয়জুল ইসলাম হিরুসহ সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন